নয়ন হোসেনঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘনশ্যামপুর আদিবাসীপাড়া এলাকায় বিষধর সাপের কামড়ে রতন পাহান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রতন পাহানকে একটি বিষধর সাপ কামড় দেয়। কামড়ের পর মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তিনি একটি সাপ দেখতে পান বলে পরিবারের সদস্যরা জানান।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝা/কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করানোর পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।
পরে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রতনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরিবারের সদস্যরা জানান, অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর নেওয়ার পথে রতন পাহানের মৃত্যু হয়।
রতনের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্বাস্থ্যসচেতন মহল বলছে, সাপের কামড়ের পর ঝাড়ফুঁক বা ওঝার ওপর নির্ভর না করে দ্রুত রোগীকে নিকটস্থ হাসপাতালে নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগ করা গেলে অনেক ক্ষেত্রেই সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তির জীবন রক্ষা করা সম্ভব।
সাপের কামড়ের ঘটনায় দ্রুত চিকিৎসা নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং গ্রামাঞ্চলে প্রচলিত ঝাড়ফুঁকের পরিবর্তে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রবণতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন