মোঃ খাইরুল ইসলাম,গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়কে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দেন।
শ্রমিকরা অভিযোগ করেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাদের দুই মাসের বেতন পরিশোধ করা হয়নি। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। বেতন না পাওয়ায় অনেক শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। একই সঙ্গে দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে শ্রমিকদের অভিযোগ ও বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন