মোঃ আজিজুল হাকিম
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে দুপুর ১২টায় উপজেলা হলরুমে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি কার্লুস সরেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, ল্যাম্ব হাসপাতালের সাবেক জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, বাংলাদেশ কারিতাস দিনাজপুর অঞ্চল (সিএমএলআরপি)-এর কর্মসূচি কর্মকর্তা সীমা মুর্মু এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট মৃণাল কান্তিসহ অনেকে।
বক্তারা বলেন, আদিবাসীরা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও জীবনধারা সংরক্ষণ এবং বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভার শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আদিবাসী শিল্পীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন